সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবন ত্যাগ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে যাত্রা করে।
গত শুক্রবার (২৪ জুলাই) দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব ছেড়ে বঙ্গভবন ত্যাগ করলেন।
জানা গেছে, রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে স্থায়ীভাবে বসবাসের জন্য কয়েক দিন ধরেই প্রস্তুতি চলছিল। বাড়িটি বসবাসের উপযোগী করে সাজানো হয়েছে এবং পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীও সেখানে স্থানান্তর করা হয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার।