🏠︎ » মতামত » ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা


ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে রবিবার(২৬ জুলাই) সকালে এই কর্মসূচি পরিচালিত হয়।

এতে ​উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌরসভার গোল চত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয় ​। পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে পৌর এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়।


​এসময় ফুলপুর পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।


পরে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” প্রতিপাদ্যে বেলা সাড়ে ১১ টায় পৌরসভার কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।

তপু রায়হান রাব্বি || ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ||

আরও পড়ুন

সর্বশেষ