‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সমস্যা, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শিশুশ্রমের কারণে সমাজের অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি তাদের মানবিক ও নৈতিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এখনই যদি শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না যায়, তবে এর নেতিবাচক প্রভাব ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে বহন করতে হবে।
তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধ শুধু সরকার বা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। একটি শিশুর পরিবার, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভার আগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে।