জাতীয় ফল কাঁঠালের ভরা মৌসুমে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন রসালু কাঁঠালের সমারোহ। বাজারজুড়ে পাকা কাঁঠালের মিষ্টি সুবাস আর ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বেচাকেনা। ভালো ফলন ও সন্তোষজনক দামে বিক্রি হওয়ায় মুখে হাসি ফুটেছে কৃষকদের।
উপজেলার নান্দাইল পৌর বাজার, রসুলপুর চিলা বাজার, বাঁশহাটি বাজার ও চণ্ডীপাশা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের কাঁঠাল সারিবদ্ধভাবে সাজিয়ে বিক্রি করছেন কৃষক ও ব্যবসায়ীরা। গ্রামের বাগান ও বাড়ির আঙিনা থেকে সংগ্রহ করা কাঁঠালে ভরে গেছে বাজারের বিভিন্ন স্থান।
বিক্রেতা আবুল হোসেন জানান, আকার ওজন ও মানভেদে প্রতি কাঁঠাল ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের কাঁঠাল তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার কারণে এ বছর কাঁঠালের ফলন ভালো হওয়ায় প্রতিদিনই বিপুল পরিমাণ কাঁঠাল বাজারে আসছে। গত কয়েক বছরের তুলনায় এবার ফলন বেশি হয়েছে। বাজারে চাহিদাও ভালো থাকায় ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে।
কাঁঠাল কিনতে আসা কাইয়ূম, আসাদ, লাল মিয়া জানান, বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা ও সুস্বাদু কাঁঠাল পাওয়া যাচ্ছে। পরিবারের জন্য কেনার পাশাপাশি আত্মীয়-স্বজনদের জন্যও অনেকে কাঁঠাল কিনে নিচ্ছেন। কাঁঠালের কোয়ার পাশাপাশি এর বিচিও বিভিন্ন ধরনের তরকারি রান্নায় ব্যবহৃত হওয়ায় এর চাহিদা সবসময়ই থাকে।
ভরা মৌসুমে বাজারে রসালু কাঁঠালের এমন সমাহারে যেমন স্বস্তিতে রয়েছেন ক্রেতারা, তেমনি ভালো দাম পেয়ে সন্তুষ্ট কৃষকরাও। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন জমজমাট কাঁঠাল বেচাকেনা চলছে।
ফরিদ মিয়া : নান্দাইল (ময়মনসিংহ)