🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » সদর দপ্তর নিয়ে বিরোধ: ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ

সদর দপ্তর নিয়ে বিরোধ: ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ

চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বানে রোববার (২৬ জুলাই) সকাল থেকে কর্মসূচি শুরু হলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর ফলে দূরপাল্লার বাস, ট্রাক ও সিএনজিচালিত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং বহু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল।

হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি পেলাগাজি দিঘী-হেয়াঁকো সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি পয়েন্টে পিকেটিং, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলেও এখন পর্যন্ত ভাঙচুর বা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারীদের একজন শাহাদাত হোসাইন অভিযোগ করেন, অনিয়মের মাধ্যমে উত্তর উপজেলার সদর দপ্তর ভুজপুর মৌজায় নির্ধারণ করা হয়েছে। তার দাবি, উপজেলার নাম যেহেতু ফটিকছড়ি উত্তর, তাই সদর দপ্তরও উত্তরাঞ্চলেই স্থাপন করা উচিত। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে বলে তিনি সতর্ক করেন।

আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, কাছাকাছি এলাকায় দুটি উপজেলা সদর স্থাপন যৌক্তিক নয়। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সাধারণ মানুষের যাতায়াত ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ