🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি || বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় ৫০০ মিটার ভেতরের গরবিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের আওতাধীন।

আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম আরও তিনজনের সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অপর তিনজন ঘটনাস্থল ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে এবং একটি স্থলমাইনের বিস্ফোরণে ওই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে যাতায়াত না করার জন্য বিজিবির পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ