🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » কাউয়ারখোপকে রামুর সঙ্গে বহাল রাখার দাবিতে মতবিনিময় সভা

কাউয়ারখোপকে রামুর সঙ্গে বহাল রাখার দাবিতে মতবিনিময় সভা

রামুর পূর্বাঞ্চলীয় ইউনিয়নগুলো নিয়ে প্রস্তাবিত ‘বাঁকখালী উপজেলা’ গঠনের উদ্যোগে, কাউয়ারখোপ ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে মূল উপজেলা রামুর সঙ্গে বহাল রাখার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাউয়ারখোপ ইউনিয়নকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করার বিরোধিতা করেন।
সম্প্রতি রামুর পূর্বাঞ্চলীয় গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়ন নিয়ে ‘বাঁকখালী উপজেলা’ বা ‘পূর্বসীমান্ত উপজেলা’ গঠনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবের বিপরীতে কাউয়ারখোপ ইউনিয়নকে বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত না করে রামু উপজেলার সঙ্গেই বহাল রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মতবিনিময় সভায় সচেতন মহলের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ বলেন, কাউয়ারখোপকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করা হলে স্থানীয় সাধারণ মানুষকে প্রশাসনিক বিভিন্ন কাজে চরম ভোগান্তির শিকার হতে হবে। প্রস্তাবিত বাঁকখালী উপজেলার প্রশাসনিক কেন্দ্র কাউয়ারখোপবাসীর জন্য তুলনামূলকভাবে দূরে হওয়ায় যাতায়াত ও দাপ্তরিক কাজ পরিচালনা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে বর্তমান উপজেলা সদর রামু ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে কাউয়ারখোপের অনেক কাছাকাছি এবং সহজে যাতায়াত যোগ্য। ফলে স্থানীয়রা বর্তমানে সহজেই সেখানে সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

শিক্ষক তাজ উদ্দিন আহমেদ বলেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের সার্বিক সুবিধার বিষয়টি বিবেচনা করে কাউয়ারখোপ ইউনিয়নকে কোনো অবস্থাতেই প্রস্তাবিত বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করা উচিত নয়। ঐতিহ্যগত ও প্রশাসনিক সুবিধার স্বার্থে কাউয়ারখোপকে মূল উপজেলা রামুর সঙ্গেই বহাল রাখতে হবে।
তিনি আরও বলেন,

কাউয়ারখোপকে বাঁকখালী উপজেলার সঙ্গে যুক্ত করা হলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা গ্রহণে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মুখে পড়তে পারেন। তাই জনস্বার্থ বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় নিজেদের দুর্ভোগ লাঘবে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

সভায় বক্তারা বলেন, কাউয়ারখোপবাসীর দীর্ঘদিনের আবেগ, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা গ্রহণের সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ সময় কাউয়ারখোপ ইউনিয়নকে রামু উপজেলার সঙ্গে বহাল রাখতে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

আরও পড়ুন

সর্বশেষ