চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ নিশ্চিহ্ন করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোর শুরুতে ইংরেজিতে ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’ লিখে ভয়ভীতি দেখানো হয়। পরে বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে লেখা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতার পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।