মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
নতুন ব্যবস্থার আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও এই উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের জায়গা মূলত জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীরা সেখানে নামাজ আদায় করতে পারবেন।
এই উদ্যোগের ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের সময় শুধু নামাজ পড়ার জন্য বাড়িতে ফিরে যেতে হবে না।
তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতায় থাকছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।