🏠︎ » সারাদেশ » ঢাকা » স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি, সতীনকে নিয়ে একই ছাদের নিচে দুই স্ত্রীর সংসার

স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি, সতীনকে নিয়ে একই ছাদের নিচে দুই স্ত্রীর সংসার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়ে সতীনকে ঘরে তুলে নিয়েছেন রুমা আক্তার। বর্তমানে স্বামী আব্দুর রহমানকে নিয়ে একই ফ্ল্যাটে বসবাস করছেন দুই স্ত্রী। তাদের দাবি, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে তারা শান্তিপূর্ণভাবে সংসার করছেন।

আব্দুর রহমানের প্রথম স্ত্রী রুমা আক্তার জানান, প্রায় চার বছর আগে তার স্বামী তাকে বলেন, নাজনীনকে তার ভালো লাগে। স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তিনি নাজনীনকে বিয়ে করানোর উদ্যোগ নেন এবং কাজী অফিসে নিয়ে গিয়ে তাদের বিয়ে সম্পন্ন করান।

রুমা আক্তার বলেন, “এখন আমরা তিনজন সুখেই আছি। আমরা এক হাঁড়িতে রান্না করি, একসঙ্গে তিনজন বেড়াতে যাই।”

জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন আব্দুর রহমান। তার বাড়ি গাইবান্ধার ঝরা বর্ষা গ্রামে। ২০০৬ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে তিনি গাজীপুরে আসেন।

প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে রুমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। পরে চার বছর আগে নিজের পছন্দে নাজনীন সুলতানাকে দ্বিতীয় বিয়ে করেন আব্দুর রহমান। রুমা আক্তার স্বামীর সিদ্ধান্তকে মেনে নিয়ে নাজনীনকে সতীন হিসেবে ঘরে তুলে নেন। নাজনীন আক্তারেরও একটি সন্তান রয়েছে।

বর্তমানে দুই স্ত্রী একই ছাদের নিচে বসবাস করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, রান্নাবান্নাসহ ঘরের বিভিন্ন কাজ তারা মিলেমিশে করেন। একসঙ্গে খাওয়া-দাওয়া ও বাইরে ঘুরতে যাওয়ার ঘটনাও ঘটে। তাদের পারস্পরিক সম্পর্ক অনেকটা দুই বোন বা বন্ধুর মতো বলে জানান তারা।

দুই স্ত্রীর এমন পারস্পরিক বোঝাপড়ায় সন্তুষ্ট আব্দুর রহমান। তবে দুই স্ত্রীকে নিয়ে বাইরে বের হলে বিভিন্ন সময় মানুষের কটূক্তির মুখে পড়তে হয় বলেও জানান তিনি।

আব্দুর রহমান বলেন, “আমার স্ত্রীদের নিয়ে রাস্তায় বের হলে অনেকেই বাজে মন্তব্য করে। তখন তাদের আমি বলি, অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার থেকে দ্বিতীয় বিয়ে করা উত্তম। আমি আমার দুই বউকে সমানভাবেই দেখি। তাদের যখন যা লাগে, সমানভাবেই দুজনকে এনে দেই। আমরা খুব সুখে আছি।”

তবে এই ধরনের পারিবারিক সম্পর্ক নিয়ে সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, পারস্পরিক সম্মতি ও বোঝাপড়ার ভিত্তিতেই তাদের সংসার পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ