মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরছেন।
সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিদিনের থেরাপি শেষে মির্জা আব্বাস স্ত্রীকে সঙ্গে নিয়ে খোলা পরিবেশে কিছুক্ষণ হাঁটাহাঁটি ও হালকা শারীরিক ব্যায়াম করছেন। এটি তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।
তিনি আরও জানান, মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো কেন্দ্রে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার পায়ের পুনর্বাসন থেরাপি চলছে।
দলীয় সূত্রের ভাষ্য, চিকিৎসকরা মির্জা আব্বাসকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে দ্রুত শারীরিক সক্ষমতা ফিরে আসে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।