🏠︎ » রাজনীতি » গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

গরুর মাংস রান্না করার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানের সময় একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপার অভিষেক সিং জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া নারীরা দাবি করেছেন, মাংসটি গরুর এবং এটি পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে নিয়ে এসেছিলেন। উদ্ধার করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারীদের স্বামী ও তাদের এক আত্মীয়কে আটকের চেষ্টা চলছে। ওই আত্মীয় বর্তমানে মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।

গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই-সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হয়।

পুলিশের দাবি, ওই বাড়ি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং পরিবারটি এর আগে এ ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, তা নিয়েও পৃথক তদন্ত চলছে।

আরও পড়ুন

সর্বশেষ