🏠︎ » বাংলাদেশ » রাজধানী » মিরপুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

মিরপুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তার দাবি, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালিয়ে লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেয় এবং সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

তিনি এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা কেন্দ্রের মতো প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা আর কতদিন চলবে—সে প্রশ্নও তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে জনগণের হাতে তাদের শাস্তি পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য সামগ্রী লুটের পর একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ