রাজধানীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)। শনিবার অনুষ্ঠিত ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি সভাপতি পদে জয় পান।
ক্লাব সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৭৩ জন সদস্য, যা মোট ভোটারের ৩৯ দশমিক ০৬ শতাংশ। সভাপতি পদে পড়া ১ হাজার ৩৭৩ ভোটের মধ্যে বৈধ ভোট ছিল ১ হাজার ৩৬৮টি।
এর মধ্যে আলতামাশ কবির পেয়েছেন ৯৭৬ ভোট। মোট বৈধ ভোটের হিসাবে তাঁর প্রাপ্ত ভোট প্রায় ৭১ দশমিক ৩ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট।
উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে শামীম হোসেন ৬৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আলতামাশ কবির পেয়েছিলেন ৪৯৫ ভোট। এক বছর পর এবারের নির্বাচনে ব্যবধান অনেকটাই পাল্টে যায় এবং বিপুল ভোটে ঢাকা ক্লাবের নেতৃত্বে আসেন আলতামাশ কবির।
এবারের নির্বাচনে ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের জন্য আরও ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৩ ভোট পেয়েছেন তারেক আহমেদ আদেল।
নির্বাচিত অন্য পরিচালকরা হলেন ওসামা তাসীর, যিনি পেয়েছেন ১ হাজার ১২ ভোট; তানভীর আজিজ খান ১ হাজার ৩ ভোট; অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী ৯৯২ ভোট; এস এম হাফিজ আল আশাদ ৯৫৫ ভোট; নাজমা আক্তার ৯৩৭ ভোট; মো. আমিনুল হক ৯৩৭ ভোট; আম্বারীন ইসলাম ৮৭৮ ভোট; আব্দুর রহমান ৮২৯ ভোট এবং রাব্বানি জব্বার ৮২৫ ভোট।
অন্যদিকে, পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান। তিনি পেয়েছেন ৭৬৭ ভোট। এছাড়া নায়ীম মো. কাইয়ুম ৬৪৮ ভোট, আমিনুর রেজা খান ৬৩৮ ভোট, তানভীর আহমেদ মিকি ৬০৫ ভোট, ইসরাত হেলাল ৫৮৯ ভোট এবং তুহিন রেজা ৫৭২ ভোট পেয়েছেন।
পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ১ হাজার ৩২৪টি বৈধ ভোট গণনা করা হয়েছে। একই সঙ্গে ৪৯টি ভোট অবৈধ হিসেবে রেকর্ড করা হয়েছে।