🏠︎ » বাংলাদেশ » রাজধানী » ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, চোখের চিকিৎসার জন্য ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন রনজিনা পারভীন। বগুড়া থেকে ঢাকায় এসে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি। সেখান থেকে রিকশাযোগে হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল আসে।

মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী রনজিনা পারভীনের হাতে থাকা ব্যাগটি টান দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ