শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজ বুধবার (৭ অক্টোবর) দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মণি, হাসানুল হক ইনু ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ ৪১ জন। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের তদন্তে এ ঘটনায় মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন। অপরদিকে শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ অভিযোগ গঠন করা হলে পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণসহ মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে।