🏠︎ » বাংলাদেশ » অপরাধ » যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান উদ্দিন, রাসেল খান, আলাউদ্দিন ও আব্দুল্লাহ। ডিবির দাবি, রায়হান উদ্দিন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। বাকি তিনজনও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়হান উদ্দিনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের নিচতলার পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকা থেকে রাসেল, আলাউদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনায় রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ও এর সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রায়হান উদ্দিন এর আগে মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ