🏠︎ » বাংলাদেশ » অপরাধ » যশোরের শার্শা সীমান্তে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্তে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আহম্মদ আলী শাহিন || স্টাফ রিপোর্টার || বেনাপোল

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে স্বর্ণের বারসহ রিপনকে আটক করা হয়। তিনি বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারে অভিযান চালায়। এ সময় রিপন হোসেনকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোরের একজন দক্ষ জুয়েলারির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সেগুলো খাঁটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় রিপন হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ