🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে সাতজন নিহতের মামলায় রাজীব পরিবহনের চালক গ্রেপ্তার

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে সাতজন নিহতের মামলায় রাজীব পরিবহনের চালক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

গত ২ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে জামালপুরগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে ছিলেন জামালপুরের রাশিদা বেগম, তাঁর ছেলে মোফাজ্জল হোসেন, নাতনি মর্জিনা আক্তার, পরনাতনি শিশু মিনান এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগম। দুর্ঘটনায় অটোরিকশাচালক সুজন আলীও প্রাণ হারান।

দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান বলে জানা যায়। ওই দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে মো. মোবারক আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে মামলাটি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি বাসচালককে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ