খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫) আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর স্বামীর সহযোগিতায় মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন।
শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, গত ৮ জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি আরফানা হোসেন নির্জনা (১৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা আরিফা ইয়াসমিন সিমা হত্যার দায় স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পলাতক বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।