কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন। উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে বিরত রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য অভিযানের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।