কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় নিরাপত্তাজনিত অবহেলায় প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫), কক্সবাজার ব্যাটালিয়ন সদর ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে গত ৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট, মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফরিদ (৪৫) কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগরের ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে যায়। এতে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ ও র্যাব-৪-এর সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।