নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তাঁর আকস্মিক এই মন্ত্রণালয় সফর ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে উপস্থিত হন। তবে তিনি সেখানে কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকাকালে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে কারণে তাঁর এবারের ঢাকা সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টিও নানা মহলের নজর কেড়েছে।
পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। এরপর অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।