আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচন কমিশনার জানান, চতুর্থ ধাপের সম্ভাব্য ভোটের তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।