🏠︎ » জাতীয় » সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তারা শনাক্ত: আইজিপি

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তারা শনাক্ত: আইজিপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত কিছু পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের মোট কর্মকর্তার ১ শতাংশেরও কম অসৎ কাজে জড়িত। তাদের মধ্যে কিছু কর্মকর্তা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব অসৎ পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

আলী হোসেন ফকির আরও বলেন, কিছু হলুদ সাংবাদিক সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করছেন। পাশাপাশি কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন। তাদেরও শনাক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শিশু নিখোঁজের বিষয়ে আইজিপি বলেন, দেশে আগে থেকেই শিশু নিখোঁজের ঘটনা ঘটত। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে বেশি প্রচার পাচ্ছে। বাংলাদেশ পুলিশ বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। তিনি জানান, নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশের সন্ধান পাওয়া গেছে।

এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আইজিপি। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কিশোর অপরাধ নিয়ে কথা বলেন তিনি।

আলী হোসেন ফকির বলেন, একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘ সময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, বিশেষ করে রাজধানী ঢাকায় কিশোর অপরাধ বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ