🏠︎ » জাতীয় » লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

লালমনিরহাট প্রতিনিধি:

দিনব্যাপী সরকারি সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। এ সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

পরে দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ