🏠︎ » জাতীয় » দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, জব্দ গুরুত্বপূর্ণ নথিপত্র

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, জব্দ গুরুত্বপূর্ণ নথিপত্র

রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, দালালদের দৌরাত্ম্য, চিকিৎসা সরঞ্জাম অচল থাকা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থায় অবহেলার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় কিছু নথিপত্র জব্দ করেন কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নানা ধরনের হয়রানির অভিযোগ ছিল। পাশাপাশি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের তৎপরতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অবহেলার অভিযোগও ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, বিভিন্ন অভিযোগ যাচাই করতে তারা হাসপাতাল পরিদর্শন করেছেন। ওয়ার্ড মাস্টারদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়েছে। বিশেষ করে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, পরিচ্ছন্নতার অবস্থা একেবারে খারাপ নয়, মোটামুটি চলার মতো। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করেছে। এ ছাড়া কিছু প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির বলেন, দুদকের কর্মকর্তারা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালে এসেছিলেন। তারা যেসব তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তা দেওয়ার চেষ্টা করেছে।

দুদকের এ অভিযানকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবার মান, চিকিৎসা সরঞ্জামের কার্যকারিতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ