🏠︎ » জাতীয় » তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ‘ই-লোন’ দেবে সরকার: মাহ্দী আমিন

তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ‘ই-লোন’ দেবে সরকার: মাহ্দী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা করে ঋণ দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। তার দাবি, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং মূল্যস্ফীতির হারও সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে।

দেশের শিল্পায়নকে আরও গতিশীল করতে একটি রূপরেখা বা মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

মাত্র সাত মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা কঠিন উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, সরকার সমস্যাগুলো সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকার যে ভঙ্গুর অবস্থায় দেশকে রেখে গেছে, সেখান থেকে উত্তরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, সরকারকে শুধু সমালোচনা বা দোষারোপ না করে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

একই সাংবাদিক সম্মেলনে প্রেস সচিব সালেহ শিবলী জানান, বর্তমান সরকারের ২১২ দিন অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল জনগণ পেতে শুরু করেছেন। তবে কিছু উদ্যোগের ফল পেতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সালেহ শিবলী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া অস্বস্তি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্রুত এর ইতিবাচক ফলাফল দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও নানা জটিলতার মধ্যেও জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এটি কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং একটি বড় দায়িত্ব।

আগামী তিন মাস কঠিন সময় পার করতে হতে পারে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রেস সচিব। পাশাপাশি রাজনৈতিক বিতর্কের বাইরে রাষ্ট্র গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখারও তাগিদ দেন সালেহ শিবলী।

আরও পড়ুন

সর্বশেষ