🏠︎ » জাতীয় » ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম চাইলে দেশের বড় ধরনের পরিবর্তন সম্ভব, এর প্রমাণ ২০২৪ সালে পাওয়া গেছে। পরিচ্ছন্নতা কর্মসূচিতেও তরুণরা আন্তরিকভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, সারা দেশের হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এত বিপুলসংখ্যক মানুষকে দেশ পুনর্গঠনের কাজে সম্পৃক্ত করা গেলে কোনো বাধাই পরিবর্তনের পথে ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এখন দেশের ভবিষ্যৎ কীভাবে গড়ে তোলা হবে, সে দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। একটি দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, তা পুরো বিশ্ব দেখেছে। তাঁর ভাষ্য, সেখান থেকেই পরিবর্তনের সূচনা করেছে দেশের তরুণরা।

সমাবেশে উপস্থিতদের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী তিন মাস ডেঙ্গুর সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ পর্যন্ত পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলে আশাবাদ জানান তিনি।

ডেঙ্গু ছড়ানোর কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভাঙাচোরা সামগ্রী, কাগজ, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত জিনিসে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হয়। সবাই একসঙ্গে সচেতনভাবে কাজ করলে দেশকে পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দনও করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ