জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের একই মঞ্চে বক্তব্য দিয়েছেন।
১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন জিয়াউর রহমান। তাঁর বক্তব্যে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবার বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভায়ও বক্তব্য দেন তিনি।
এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। তাঁর ভাষণ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, গণতান্ত্রিক রূপান্তর এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু তুলে ধরার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
১৯৮০ সালে জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, খালেদা জিয়ার পর এবার সেই একই মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তাঁদের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।