🏠︎ » খেলাধুলা » ফুটবল » নেইমার ৯০ মিনিট খেলতে প্রস্তুত, নিশ্চিত করলেন আনচেলত্তি

নেইমার ৯০ মিনিট খেলতে প্রস্তুত, নিশ্চিত করলেন আনচেলত্তি

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন পূর্ণ ৯০ মিনিট খেলতে সক্ষম। পাশাপাশি তিনি বলেন, বেঞ্চে বসে থাকতে নেইমার মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ডান পায়ের কাফের চোট নিয়েই বিশ্বকাপে অংশ নেন নেইমার। এ কারণে টুর্নামেন্টের শুরুতে তাকে নিয়ে সতর্ক অবস্থান নেয় ব্রাজিলের কোচিং স্টাফ। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ মিনিট মাঠে নামানো হয় তাকে। এরপর জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে তিনি পুরো সময় বেঞ্চেই ছিলেন। সে সময় আনচেলত্তি জানিয়েছিলেন, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত হওয়ায় তাকে খেলানোর প্রয়োজন হয়নি।

তবে নরওয়ের বিপক্ষে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।

নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই পারবে।’

আনচেলত্তি আরও জানান, মাঠের বাইরে বসে থাকতে নেইমার খুশি নন। তবে তিনি দলের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব দেখিয়ে চলেছেন। কোচের ভাষায়, ‘সে বেঞ্চে বসে থাকতে পছন্দ করে না, কিন্তু অনুশীলনে দারুণ পেশাদার আচরণ করছে। সে সবাইকে সম্মান করে, সতীর্থদের কাছে খুবই প্রিয় এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। স্বাভাবিকভাবেই সে খেলতে চায়, যেমনটা ক্যারিয়ারের শুরু থেকেই চেয়ে এসেছে।’

নেইমার কি শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য চাপ দিচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে হাস্যরসের সঙ্গেই জবাব দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘সে কখনো এসে বলে না, আমাকে খেলাতেই হবে। তবে তার শরীরী ভাষাই বলে দেয়, সে মাঠে নামতে মুখিয়ে আছে। আমি এটিকে ইতিবাচকভাবেই দেখি। কারণ বিশ্বের কোনো শীর্ষ ফুটবলারই বেঞ্চে বসে থাকতে স্বস্তি পায় না।’

আরও পড়ুন

সর্বশেষ