নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় এক দিনের ব্যবধানে নগরী ও আশপাশের সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব হামলার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবর্ষণের একপর্যায়ে দৌলতপুরে গুলি করে হত্যা করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতাকে। এ ছাড়া পরিবহন ব্যবসায়ীর বাড়ি, রেস্টুরেন্ট, চায়ের দোকান ও পাটকল লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে চায়ের দোকানে থাকা লোকজনকে নদীতে ঝাঁপ দিতেও হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কের ১৬ নম্বর বাড়িতে প্রথম গুলির ঘটনা ঘটে। বাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন আবু সাইদ। এ সময় হেলমেট পরা চার ব্যক্তি সেখানে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে সাইদ ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরাও তার পিছু নিয়ে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
বিকেল ৩টার দিকে লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির শোবার ঘরের জানালার থাই গ্লাস ভেঙে যায়। টুটুল জানান, এর আগে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। নূর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে ওই বাহিনীর সদস্য পরিচয়ে তার হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হয়। আগাম হুমকির পর এবার সরাসরি তার বাড়িতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার কাছেই পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের অভিযোগ, তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই হুমকির মুখে সোমবার রাতেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন মালিকপক্ষ। পরদিন সকালে থানা-পুলিশের উদ্যোগে রেস্টুরেন্টটি খুলে দেওয়া হলেও বিকেলে সেখানে গুলির ঘটনা ঘটে।
রেস্টুরেন্টের ব্যবস্থাপক মাসুম হোসেন জানান, ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরে পুলিশের একজন কর্মকর্তা ছিলেন এবং বাইরে পুলিশের গাড়ি অবস্থান করছিল। পুলিশের উপস্থিতিতেই রাস্তার বিপরীত পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা মুখোশধারীরা। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে দোকানে থাকা লোকজন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিলস লিমিটেডের প্রধান ফটকের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। মিলের লিজগ্রহীতা রাসেলের অভিযোগ, গত ১০ নভেম্বর আরমান বাহিনীর সদস্য পরিচয়ে গিয়াস তার কাছে চাঁদা দাবি করেন। ১৩ নভেম্বর হুমা বাহিনীর সদস্য পরিচয়ে রায়হান ফোন করে আবারও চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ার কারণেই মিলের সামনে গুলি ছোড়া হয়েছে বলে দাবি রাসেলের।
দিনভর এসব ঘটনার পর রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন ঠিকাদার ও ঘের ব্যবসায়ী আব্দুল হালিম। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার মাথা ও বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি নিহত সন্ত্রাসী রাশুর গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সবশেষ রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়িতে গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এক দিনে সাতটি স্থানে গুলিবর্ষণ ও একজনের প্রাণহানির ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগাম হুমকির অভিযোগ থাকার পরও হামলার ঘটনা ঘটায় সংশ্লিষ্ট হুমকিদাতাদের শনাক্ত করা এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন পুলিশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় বলেন, পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।