নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া (অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।
নিহত শান্ত রায় পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন। সুনান মাঝী কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তেন এবং সাজিদ মৃধা কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহত দুজন হলেন কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে পাঁচ শিক্ষার্থী পিরোজপুর থেকে কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায়ের মৃত্যু হয়। এরপর আনুমানিক রাত ১২টার দিকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনান মাঝী ও সাজিদ মৃধারও মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে স্থানীয় লোকজন আহত অন্য তিনজনকে হাসপাতালে পাঠিয়েছিলেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে স্বজনেরা তাকে খুলনায় নিয়ে যান। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে সুনান ও সাজিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।