🏠︎ » সারাদেশ » ভুল মামলায় ভারতে ১৮ বছর কারাবাস, চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী

ভুল মামলায় ভারতে ১৮ বছর কারাবাস, চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী

নিজস্ব প্রতিবেদক

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

প্যারোলে মুক্তির পর পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট জেলা পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

কারা সূত্রে জানা গেছে, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় ভারত থেকে বাংলাদেশে আসা বাদল ফরাজী (কয়েদি নম্বর ৮৪/এ) ছাড়াও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজাল (কয়েদি নম্বর ৫১৫৯/এ) নামের আরেক বন্দিকে একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে গেছে। সেখানেই তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

জেলা প্রশাসক ও কারা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ভারতের দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এরপর বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।

সর্বশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তাদের চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে মঙ্গলবার ওয়ারেন্ট, কারা পিসিতে জমা থাকা অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই বন্দিকে পুলিশ দলের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে থাকতে হয় বাদল ফরাজীকে। ২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় ‘বাদল সিং’ নামে এক ব্যক্তিকে শনাক্ত করে অমর কলোনি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুরু থেকেই বাদল ফরাজী দাবি করে আসছিলেন, তিনি ওই ব্যক্তি নন।

তবে ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন বাদল। কারাগারে থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে।

বাংলাদেশে ফেরার পরও বাদলের মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছিল না। দীর্ঘদিন ধরে তার মুক্তির দাবিতে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। লেখক রাহিতুল ইসলাম বাদলের কারাবাসের ঘটনা নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।

এদিকে বাদল কারাগারে থাকতেই তার বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ