নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বছরব্যাপী এ কর্মসূচির মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের কাছে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় খাতগুলো যথাযথ গুরুত্ব পায়নি। বর্তমান সরকার এসব খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, শহর ও গ্রামের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে হেলথ কার্ড চালুসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।