গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে জেলাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাতেই ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি জামাতের সাথীরা বয়ান করেন। আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করবেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। এ ছাড়া মাগরিবের নামাজের পর বয়ান করার কথা রয়েছে মুফতি মনির বিন ইউসুফের। ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।
ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে পলাশবাড়ী থানার তাবলিগ জামাতের সাথী মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, নিরাপত্তার স্বার্থে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় ঢাকা থেকে আসা জামাতের সাথী অধ্যাপক সাইদ উজ্জামান খান মামুন বলেন, “আলহামদুলিল্লাহ, জেলা ইজতেমায় অংশ নিতে পেরে ভালো লাগছে।

আয়োজকরা জানান, মুসল্লিদের সুবিধার্থে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলার সাতটি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও লক্ষাধিক মুসল্লি এ ইজতেমায় অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
এদিকে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।