গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল, শুক্রবার (২০ নভেম্বর) সকালে তা অনেকটাই কমে এসেছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। পাশাপাশি সড়কে ছোট-বড় যানবাহনের চলাচলও আগের তুলনায় বেড়েছে। হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতিও বাড়তে দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। এতে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে শুক্রবার পরিস্থিতির উন্নতি হওয়ায় সাধারণ মানুষ আবারও নিজেদের দৈনন্দিন কাজে ফিরতে শুরু করেছেন।