🏠︎ » জাতীয় » এবার গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি ও এসপি নিয়োগ

এবার গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি ও এসপি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে জেলাটিতে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজকে। এর আগে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার। অন্যদিকে গোপালগঞ্জের বিদায়ী এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গোপালগঞ্জের পাশাপাশি হবিগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাতেও জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। একই দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে রদবদলের সিদ্ধান্ত জানানো হলো।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ