🏠︎ » জাতীয় » রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার অধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।

মামলার অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ