ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন দিলনাহার বেগম শিউলি। তিনি গফরগাঁও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক।

তবে তাঁর নির্বাচনী তৎপরতায় আবু সাঈদ (মেম্বার) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে আবু সাঈদ একসময় আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ এবং প্রয়াত সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবু সাঈদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসে। পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে দিলনাহার বেগম শিউলীর নির্বাচনী প্রচারণায় তাঁর উপস্থিতি নিয়েই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে দিলনাহার বেগম শিউলি বলেন, “আবু সাঈদ কোন দলের রাজনীতি করতেন, তা আমি জানি না। কারণ আমি গফরগাঁওয়ে থাকিনি, ময়মনসিংহে থেকেছি। তিনি যদি আওয়ামী লীগের রাজনীতিও করে থাকেন, তাহলে বলব, আমার সব দলের লোকজন প্রয়োজন। আমাদের এমপি বাচ্চু সাহেব বলেছেন, দল দেখার প্রয়োজন নেই।
উল্লেখ্য, ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে বিচারিক কার্যক্রম হয় এবং তিনি দণ্ডিত হন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বারবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে শিউলীর নির্বাচনী প্রচারণায় আবু সাঈদের সম্পৃক্ততা, তাঁর অতীত রাজনৈতিক পরিচয় এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির অবস্থান কী, সেটিও জানতে আগ্রহী রাজনৈতিক সচেতন মহল।