🏠︎ » রাজনীতি » বাউফলে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, মামলায় আসামি ১৩ কিশোর

বাউফলে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, মামলায় আসামি ১৩ কিশোর

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকসহ ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডে আল ফাহাদ রেস্তোরাঁর সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বার ব্যানারের সামনে চলে আসেন। এ সময় তাকে পেছনে যেতে বলাকে কেন্দ্র করে আপেল মাহমুদ ফিরোজের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে বাজার রোড এলাকায় আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলা চালানো হয়।

আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করে বলেন, রাতে গরিবদের জন্য চাল কিনতে যাওয়ার সময় আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর তাঁর ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাঁর শার্টের কলার ধরে কিল-ঘুষি মারে এবং টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। একটি ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা বিএনপির কর্মী-সমর্থক হওয়ায় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ