ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। সবার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, উৎসব মানুষের মধ্যে বিভেদ দূর করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। উৎসবের সর্বজনীন আহ্বানে এক সম্প্রদায়ের আনন্দে অন্য সম্প্রদায়ের মানুষও অংশ নেন। আবহমানকাল ধরে বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন।
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সমাজের অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় দুর্গাপূজা। এই উৎসবের তাৎপর্য কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর বার্তা সমগ্র মানবজাতির জন্য। মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী। তাঁর কাছে দুর্গতি দূর করে শান্তি ও সত্য প্রতিষ্ঠার প্রত্যাশা করা হয়। এই আদর্শ ধারণ করে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বাড়িয়েছে এবং পূজামণ্ডপে চালের বরাদ্দ বৃদ্ধি করেছে। পাশাপাশি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে বিএনপি এসব প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সেগুলো বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে রিজভী আরও বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে জারি-সারি গান শোনেন, বিভিন্ন পার্বণে কীর্তন উপভোগ করেন এবং গম্ভীরাসহ নানা লোকজ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। দীর্ঘকাল ধরে এ দেশের মানুষ মিলেমিশে এসব সাংস্কৃতিক চর্চা করে আসছেন।
তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস যার যার নিজস্ব বিষয়। তবে প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারেন এবং নিরাপত্তা পান, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।