ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আজ সোমবার জানাতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভা করছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির উপসচিব শাহ্ আলম স্বাক্ষরিত চিঠিতে সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও রয়েছে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। কোন ধাপে এবং কবে কবে ভোট অনুষ্ঠিত হবে, সভা শেষে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইসি সানাউল্লাহ আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন ঘোষণা করবে না। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন মূলত ভোটগ্রহণের ধাপ ও সময় নির্ধারণ করে জানাবে।
নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, শুরুতে যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যেই সব ধাপের ভোট সম্পন্ন করা সম্ভব হবে।