🏠︎ » জাতীয় » সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মীদের যথাযথ অধিকার ও কল্যাণ নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।

রোববার ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের ঘটনা জনসমক্ষে তুলে ধরতে হবে। অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার মোকাবিলায় মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকেরা কার্যকর ভূমিকা রাখতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।’ ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় ফোরামের সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় অবদান রাখার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি স্থানীয় সাফল্য ও অর্জন জাতীয় পর্যায়ে তুলে ধরতেও সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তারা সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চান। এ ছাড়া সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসাসহায়তার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

রাষ্ট্রপতি এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির অগ্রগতি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

সাক্ষাৎকালে ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের সিইও সোহেল রানা, বাসসের প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রথম আলোর সাংবাদিক তুহিন সাইফুল্লাহ, বাসসের সাংবাদিক মাহাবুর আলম সোহাগ, স্টার নিউজের সিনিয়র প্রডিউসার মাহবুব আলম রাজ, কালবেলার সাংবাদিক শফিকুল ইসলাম এবং চ্যানেল-২৪-এর সাংবাদিক মাসউদুর রহমান রানা।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ