মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আজ থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ বন্ধ থাকবে।
মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নিরাপদ পরিবেশে ডিম ছাড়তে পারে, সে জন্য প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময়ে মা ইলিশকে নির্বিঘ্নে প্রজননের সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীর সঙ্গে সংযুক্ত খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীতে নিয়মিত নজরদারি এবং অভিযানও জোরদার করা হবে।
এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগেই চাঁদপুরের জেলেরা নদী থেকে নৌকা ও মাছ ধরার জাল তীরে তুলে আনতে শুরু করেছেন। জেলার ৫০ হাজারের বেশি জেলে বর্তমানে নদীতে মাছ ধরার পরিবর্তে নৌকা ও জাল গোছানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোথাও নৌকা মেরামত করা হচ্ছে, আবার কোথাও জাল শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে।
নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সহায়তা দিতে চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।