২০২৭ সাল থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নতুন বইও পাঠ্যক্রমে যুক্ত করা হতে পারে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার, যারা দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
তিনি জানান, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন। একই সঙ্গে খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
কলেজে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত ভর্তি নির্দেশনা অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ভর্তি শেষ হওয়ার পরও বিভিন্ন কলেজে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি রয়েছে। এ বছর কলেজগুলোর মোট আসনের তুলনায় ফলাফল কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম রয়েছে। জনগণের ওপর চাপ কম রাখতে সরকার জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি বলেন, বর্তমান সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে এবং জনগণের ওপর যতটা সম্ভব কম চাপ দিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সাংগঠনিক কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।