দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো সরে যায়। পরে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের একাংশ শিয়ালের কামড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার করলে আশপাশের মাঠে কাজ করা অন্য কৃষকেরা এগিয়ে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের নিচ থেকে বেরিয়ে আসে। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।