🏠︎ » বাংলাদেশ » অপরাধ » চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়ির মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়েছে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়ার পাশাপাশি চালের টিন উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া মুসা মাওলানা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের ঘেরের দখল নিয়ে গত তিন থেকে চার দিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইয়াহিয়া সালাম ও বাবু এবং অপর পক্ষের সঙ্গে রয়েছেন আব্দুস সালাম কালু।

চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝের নিচে পুঁতে রাখা ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হয়। এতে প্রচণ্ড শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে ঘরের দেয়াল ধসে পড়ে এবং চালের টিন উড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ককটেলগুলো কীভাবে এবং কী উদ্দেশ্যে ঘরের মাটির নিচে মজুত করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ