🏠︎ » জাতীয় » রাজধানীতে বাড়ল বাসভাড়া, কালশী-কাঁচপুর রুটে সর্বোচ্চ ৭৮ টাকা

রাজধানীতে বাড়ল বাসভাড়া, কালশী-কাঁচপুর রুটে সর্বোচ্চ ৭৮ টাকা

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর নগর পরিবহনে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কালশী (মিরপুর-১২) থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। ২৮ দশমিক ৮ কিলোমিটারের এ রুটে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিআরটিএর ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নতুন ভাড়ার চার্ট প্রকাশ করে।

নতুন তালিকা অনুযায়ী, কালশী থেকে মিরপুর-১২ পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার পথে ভাড়া ১০ টাকা। মিরপুর-১০ পর্যন্ত ৪ দশমিক ৭ কিলোমিটারে ১৩ টাকা, কাজীপাড়া পর্যন্ত ৬ দশমিক ১ কিলোমিটারে ১৬ টাকা এবং শেওড়াপাড়া পর্যন্ত ৬ দশমিক ৮ কিলোমিটারে ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালশী থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৪ কিলোমিটার পথে ভাড়া ৩১ টাকা। শাহবাগ পর্যন্ত ১৩ দশমিক ৭ কিলোমিটারে ৩৭ টাকা, পল্টন পর্যন্ত ১৫ দশমিক ৬ কিলোমিটারে ৪২ টাকা এবং গুলিস্তান পর্যন্ত ১৬ দশমিক ৬ কিলোমিটারে ৪৫ টাকা ভাড়া দিতে হবে।

এ ছাড়া টিকাটুলি পর্যন্ত ১৭ দশমিক ৮ কিলোমিটারে ৪৮ টাকা, সায়দাবাদ পর্যন্ত ১৮ দশমিক ৯ কিলোমিটারে ৫১ টাকা এবং যাত্রাবাড়ী পর্যন্ত ১৯ দশমিক ৯ কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা। সাইনবোর্ড পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার পথে ভাড়া ৬৭ টাকা। আর কালশী থেকে ২৮ দশমিক ৮ কিলোমিটার দূরের কাঁচপুর ব্রিজ পর্যন্ত যেতে গুনতে হবে ৭৮ টাকা।

চার্টে প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭০ পয়সা হিসেবে ধরা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করেই তালিকাটি তৈরি করা হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়ার হার প্রযোজ্য হবে না বলে চার্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার বিআরটিএ দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনের ভাড়া ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরে মঙ্গলবারের বৈঠকে উভয় ধরনের পরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আবারও বাসভাড়া সমন্বয় করা হলো। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোল যুক্ত হলে নির্দিষ্ট কিছু রুটে যাত্রীদের মোট যাতায়াত ব্যয় আরও বাড়তে পারে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ