জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন সাজ্জাদ। সেখানে তিনি লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছেন, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও তিনি এর প্রতিবাদ জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে সাজ্জাদ হোসাইন হৃদয়ের কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।